
ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সীবাজার এলাকায় র্যাব-১০ এর অভিযানে আনুমানিক ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যমানের ৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ০২:১০ ঘটিকার সময় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন মুন্সীবাজার এলাকায় ঢাকা-টু-মাগুরা মহাসড়কে অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার ও এক ব্যক্তিকে গ্রেফতার করে।
অভিযানে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ জাহাঙ্গীর আলম (৩৫), পিতা– মোঃ হযরত আলী, সাং– বেতছড়ি, থানা– দিঘিনালা, জেলা– খাগড়াছড়ি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী, যিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহ জেলাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এছাড়া তার বিরুদ্ধে পূর্বেও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।
র্যাব জানিয়েছে, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ, যা তরুণ প্রজন্মকে ধ্বংস করছে এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। র্যাব “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতিতে অবিচল থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।